Friday, November 7, 2014

সাকিবের নৈপুণ্যে দারুণ জয় পেল বাংলাদেশ !



সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যে খুলনা টেস্টে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের জয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ১০ উইকেট নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
খুলনা টেস্টে জিম্বাবুয়েকে ১৬২ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। টানা দুই টেস্টে জিতে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।
২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। প্রায় দশ বছর পর আবার দেশের মাটিতে সিরিজ জিতল বাংলাদেশ। বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ২০০৯ সালে।
এই জয়ে জিম্বাবুয়েকে পেছনে ফেলে আইসিসি টেস্ট র্যা ঙ্কিংয়ের নয় নম্বরে উঠে আসা নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
জিম্বাবুয়ের ১০ উইকেট নেয়ার জন্য ৬৮ ওভার পেয়েছিল বাংলাদেশ। স্পিনারদের দাপটে ৫১.১ ওভারে ১৫১ রানে অতিথিদের অলআউট করে দেয় স্বাগতিকরা।
সাকিব, তাইজুল ইসলামের ঘূর্ণিতে বিভ্রান্ত হয়ে ১৫ রানেই সিকান্দার রাজা, ব্রায়ান চারি ও ব্রেন্ডন টেইলরকে হারিয়ে অস্বস্তিতে পড়ে জিম্বাবুয়ে।
চতুর্থ উইকেটে রেগিস চাকাবভাকে নিয়ে প্রতিরোধ গড়েন হ্যামিল্টন মাসাকাদজা। ৭০ রানের জুটি ভেঙে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরানোর কৃতিত্ব জুবায়ের হোসেনের। পরে ক্রেইগ আরভিনকেও বিদায় করেন এই লেগস্পিনার।