Tuesday, November 11, 2014

অনন্য রেকর্ডের হাতছানি সাকিব আল হাসানের সামনে



অনন্য আরেক রেকর্ডের হাতছানি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সামনে। তিন ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে সেঞ্চুরি ও তিন বার পাঁচ উইকেট শিকারের ঘটনা ১৪০ বছরে দেখা গেল মাত্রই দুইবার। চট্টগ্রাম টেস্টে বল হাতে ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেলে বিরল এ রেকর্ডে পাকিস্তান গ্রেট ওয়াসিম আকরামকে ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসান। সাকিবের আগে পাকিস্তানের সাবেক তারকা ওয়াসিম আকরাম দেখান এমন কৃতিত্ব। ১৯৯০’র অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের সিরিজে ওয়াসিম আকরাম ব্যাট হাতে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট পান তিনবার। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি সিরিজে সাকিব সেঞ্চুরি ও তিনবার পাঁচ উইকেট নিজের ঝুলিতে ভরেছেন ইতিমধ্যে। খুলনা টেস্টে ব্যাট হাতে সেঞ্চুরি ও ১০ উইকেট নিয়ে অনন্য আরেক রেকর্ডে ইতিমধ্যে নাম উঠেছে সাকিব আল হাসানের। ১৪০ বছরের টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের ইয়ান বোথাম ও পাকিস্তানের ইমরান খানের পর এমন কীর্তির মাত্র তৃতীয় নজির এটি। খুলনা টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে সাকিব ব্যাট হাতে করেন ১৩৭ রান। আর উভয় ইনিংসে সাকিবের বোলিং ফিগার ৫/৮০ ও ৫/৪৪। ঢাকায় প্রথম টেস্টে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৬ উইকেট নেন সাকিব। ম্যাচের উভয় ইনিংসে পাঁচ উইকেট শিকারের ঘটনা দেখা গেল বাংলাদেশ দলে দ্বিতীয়বার। জিম্বাবুয়ের বিপক্ষে আগের কীর্তিটি বাংলাদেশের অপর বাঁ-হাতি স্পিনার এনামুল হকের (জুনিয়র)।
কম ম্যাচে বেশিবার পাঁচ উইকেট
ক্যারিয়ারে ৩৬ টেস্টে সাকিব আল হাসান ইনিংসে পাঁচ উইকেট পেলেন এ নিয়ে ১৪ বার। ক্যারিয়ারে কমপক্ষে ১৪ বার  পাঁচ উইকেটের কৃতিত্ব দেখানো বোলারদের সাফল্যের অনুপাতে সাকিবের নাম পঞ্চম স্থানে। এতে এক নম্বরে রয়েছেন ইংল্যান্ডের শতবছর আগের পেস তারকা সিডনি বার্নস। ২৭ টেস্টে ২৪বার পাঁচ উইকেট নিয়ে বার্নসের অনুপাত ১.১৩। আর ১.৭৬ অনুপাত নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার শতবছর আগের লেগ-স্পিন তারকা ক্ল্যারি গ্রিমেট।
সিরিজে সেরা অলরাউন্ড নৈপুণ্য
খেলোয়াড়    ম্যাচ    রান    সর্বোচ্চ    গড়    উই    গড়    ৫উই    সাল
ওয়াসিম (পা.)    ৩    ১৯৭    ১২৩    ৩৯.৪    ১৭    ১৮.৭০    ৩    ১৯৯০
সাকিব (বাং)    ২    ১৬৩    ১৩৭    ৪০.৭৫    ১৭    ১৩.৩৫     ৩    ২০১৪
বোলার     ম্যাচ     উইকেট     গড়     ৫ উই.    অনুপাত
সিডনি বার্নস (ইং)     ২৭     ১৮৯     ১৬.৪৩    ২৪     ১.১৩
ক্ল্যারি গ্রিমেট (অ.)     ৩৭     ২১৬     ২৪.২১    ২১     ১.৭৬
মুরলিধরন (শ্রী.)     ১৩৩     ৮০০     ২২.৭২    ৬৭     ১.৯৯
রিচার্ড হ্যাডলি (নিউ.)     ৮৬     ৪৩১     ২২.২৯    ৩৬     ২.৩৯
সাকিব আল সাসান (বাং)     ৩৬     ১৩৯     ৩০.৯৪    ১৪     ২.৫৭
হিউ টেইফিল্ড (দ.আ.)     ৩৭     ১৭০     ২৮.৯১    ১৪     ২.৬৪
রঙ্গনা হেরাথ (শ্রী)     ৫৭     ২৬০     ২৯.০৬    ২১     ২.৭১
টেরি অল্ডারম্যান (অ.)     ৪১     ১৭০     ২৭.১৫    ১৪     ২.৯৩
ডেনিস লিলি (অ.)     ৭০     ৩৫৫     ২৩.৯২    ২৩     ৩.০৪
ডেইল স্টেইন (দ.আ.)     ৭৫     ৩৮৩     ২২.৫৬    ২৪     ৩.১৩